আলো ডেস্ক: রাজশাহীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে সুকুমার মন্ডল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট বাজারের ধান হাটায় এলাকায় নওগাঁ মহাসড়কে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুকুমার মন্ডল নওগাঁ জেলার সদর থানার সতিস মন্ডলের ছেলে।
রাজশাহী মোহনপুর থানার ওসি সেলিম বাদশাহ্ এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, সকালে নওগাঁ থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
মোহনপুর ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। আইনি ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
