আলো ডেস্ক: রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা চীনা পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়ছে। গতকাল শনিবার ভোরে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে এ জাহাজটি ভেড়ে। এরপর খালাস করা কয়লা লাইটারেজে করে নেওয়া হচ্ছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে চীনা পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায়।
কয়লাবাহী এ জাহাজটি গত শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় পৌঁছায়। তিনি জানান, সেখান থেকে গতকাল শনিবার ভোর ৫টার দিকে জাহাজটি বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়বে। এরপর গতকাল শনিবার সকাল থেকেই জাহাজটির কয়লা খালাসের কাজ শুরু হবে। পরে তা নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে।
এরপর তা কেন্দ্রটির কয়লার শেডে মজুত করা হবে। রিয়াজুল হক আরও জানান, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য এর আগে ইন্দোনেশিয়া থেকে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এম ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা এসেছিল মোংলা বন্দরে।
এদিকে, কয়লার সংকটে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার দুঃসংবাদের মধ্যেই রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য সুখবর নিয়ে মোংলা বন্দরে ভিড়ছে কয়লার জাহাজ।
