আলো ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে শক্রতার জেরে মোহাম্মদ জাহিদ হোসেন (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরকে হত্যার ঘটনায় ২ রোহিঙ্গা কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এরআগে, গত বৃহস্পতিবার দুপুরের দিকে ২ আসামিকে ভাসারচর রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়।
আটকরা হলো- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮১নং ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ কায়সার (১৬) ও ২৭নং ক্লাস্টারের নুরুল হকের ছেলে ইউসুফ জালাল (১৭)। গত ৮ জুন রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জাহিদ হোসেন ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৯০নং ক্লাস্টারের মৃত আবদুল মালেকের ছেলে।
ভাসানচর থানার ওসি মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, শত্রুতা জেরে গত ৮ জুন রাতে জাহিদকে বেড়িবাঁধের কাছে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে কায়সার ও ইউসুফ। এরপর হাত ও পায়ের রগ কেটে দেয়। ওসি আরও জানান, গত ১২ জুন ভাসানচরের ২০ শয্যা হাসপাতাল সংলগ্ন বেড়িবাঁধের পাশ থেকে গলা ও হাত-পায়ের রগ কাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই মোস্তাকিমের করা হত্যা মামলার তদন্ত করতে গিয়ে রোহিঙ্গা কায়সার ও জালালের সম্পৃক্ততা পায় পুলিশ। গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের ভাষ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি ছুরি ও ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়।
