আলো ডেস্ক: খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের বলেছেন, সরকার নিরপেক্ষ নির্বাচনে ভয় পায়। এজন্য আগের মতো প্রহসনের মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু জনগণ এধরনের টালবাহানার নির্বাচন আর দেখতে চায় না।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মজলিসের ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন আহমদ আবদুল কাদের। এসময় তিনি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ৮ দফা দাবি আদায়ে খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী জুলাই মাসে মহানগরী পর্যায়ে গণসমাবেশ করবে দলটি। সমাবেশে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, ‘চলমান রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ হচ্ছে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচনের পূর্বে সংসদ ভেঙে দিতে হবে।
সমাবেশ পরবর্তী একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাপ্ত হয়।
মজলিসের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুল জলিল জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চট্টগ্রাম মহানগরী, সিলেট মহানগরী ও জেলা, ফেনী, কক্সবাজার, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জসহ দেশব্যাপী বিভিন্ন জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
