আলো ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ, জ্বালানি তেল, শিক্ষা ও কৃষিসহ সব সেবা খাতে ভর্তুকি বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি হয়। এতে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।
কর্মসূচিতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী যখন স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, তখন খসড়া বাজেটের ধারাবাহিকতা অব্যাহত থাকলে কলম-কাগজসহ সব শিক্ষা উপকরণের পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ, জ্বালানি তেলসহ সেবাখাত মূল্যবৃদ্ধি হবে। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের দারিদ্র সীমার নিচে অবস্থান করা প্রায় সাড়ে চার কোটি মানুষ।
বক্তারা আরও বলেন, ২০২১-২২ অর্থবছরে গ্যাস-বিদ্যুতসহ ইউটিলিটি বা সেবা খাতে ৮২ হাজার ৭৪০ কোটি টাকা থাকলেও তা বাস্তবায়ন যেমন হয়নি, তেমনি এবার অর্থনৈতিকভাবে বাংলাদেশে চরম মূল্যস্ফীতির পরও দ্বিগুণ ভর্তুকির বরাদ্দ না রেখে মাত্র ৩৫ ভাগ বাড়িয়ে এক লাখ ১০ হাজার ৬৭২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। যা কোনোভাবেই প্রতুল নয়।
এসময় কৃষি খাতসহ ১১টি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান নতুনধারার নেতারা। কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, চাঁদ আহমেদ জীবন, মামুন রায়হান, আফতাব মণ্ডল প্রমুখ।
নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী বলেন, সারাদেশের মানুষ সরকারের কাছে একটা জনবান্ধব বাজেট প্রত্যাশা করে। অথচ ৫২ বছরের একটি বাজেটও জনবান্ধব হয়নি। নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনীতির অপরাজনীতি যেমন চায় না, তেমনি বাজেটের নামে মানুষকে কষ্ট দিয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে অর্থনীতিও ধ্বংস চায় না। তাই তারা রাজপথে নেমেছে। তারা রাজপথে থাকবে বাজেটে ভর্তুকি বাড়ানো সিদ্ধান্ত না নেওয়ার আগ পর্যন্ত।
