আলো ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। গতকাল সোমবার বঙ্গভবনে দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এ সাক্ষাৎ করেন।
সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন। আর নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দেশের বাইরে আছেন।
বঙ্গভবনে তারা ৪৫ মিনিটের মতো ছিলেন। এরপর নির্বাচন ভবনে ফিরে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ। জ্যেষ্ঠ এ নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতির সঙ্গে এটাই ছিল আমাদের প্রথম সাক্ষাৎ। আমরা তাকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করার জন্য গিয়েছিলাম।
এ সাক্ষাৎটা ছিল শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। তবে আমরা আমাদের গত ১৬ মাসের কর্মকাণ্ড তার কাছে উপস্থাপন করেছিলাম। আমরা বলেছি কতটা আমরা নির্বাচন পরিচালনা করেছি, কীভাবে করেছি ও আমাদের যে সাকসেস স্টোরি (সফলতার গল্প), সেটাও তাকে বলেছি। রাষ্ট্রপতি তাতে তার সন্তুষ্টি প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে কোনো দিকনির্দেশনা দিয়েছেন কি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। মো. সাহাবুদ্দিন গত ১৩ ফেব্রুয়ারি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আর বর্তমান কমিশন গত বছরের ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে।
