আলো ডেস্ক: মোটা বেতনে চাকরির প্রলোভনে ভারতে নিয়ে এক নারীকে পতিতাপল্লীতে বিক্রয়ের অভিযোগে সাতক্ষীরা থেকে তিনজনকে আটক করেছে র্যাব-৬।
আটককৃতরা হলেন-সাতক্ষীরার শ্যামনগরের মো. ইমরান গাজী (৩০), শাবানা সুলতানা (২৫) ও খুলনা জেলার কয়রা উপজেলার আবদুস সালাম (৩৩)। গতকাল শুক্রবার সকালে সাতক্ষীরা র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর জিএম গালিব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার শ্যামনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মেজর গালিব জানান, এরা রাজধানীর শ্যামপুর থানার জুরাইন পাইপরাস্তা এলাকার এক নারীকে সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখান। ওই নারী তাদের ফাঁদে পা দেন। তারা ওই নারীকে সৌদি না নিয়ে কৌশলে ভারতের বসিরহাটে নিয়ে যায়। এরপর তাকে কলকাতায় নিয়ে একটি পতিতা পল্লীতে বিক্রি করে দেয়।
এ ঘটনায় ওই নারীর স্বামী মো. ফয়সাল রাজধানীর শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে বিষয়টি ভারতের স্থানীয় একটি এনজিও বিডিএল স্মাইল চাইল্ড জানতে পেরে ওই নারীকে উদ্ধার করে। বর্তমানে সে এনজিওটির হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার শ্যামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পাচারের শিকার হওয়া নারীকে দেশে ফেরত আনার চেষ্টা চলছে।
