আলো ডেস্ক: দিনাজপুরে পুনর্ভবা (কাঞ্চন নদী) নদীতে মাছ ধরা দেখতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি সম্পর্কে একে অপরের মামাতো-ফুফাতো ভাই। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গবরা পাড়ায় পুনর্ভবা (কাঞ্চন নদী) নদীতে এ ঘটনা ঘটে।
শিশু দুটি হলো- সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গবরা পাড়া গ্রামের বাবুর ছেলে সিহাব (৪) ও পল্টনের ছেলে রাইয়ান (৪)। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শিশুগুলো বাড়ির পাশে পুনর্ভবা (কাঞ্চন নদী) নদীতে মাছ ধরা দেখতে যায়। এ সময় কোনভাবে তারা নদীতে পড়ে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে শিশু রাইয়ানের লাশ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে।
পরে শিশু সিয়াবকে খুঁজে না পেয়ে স্থানীয়রা নদীতে তাকেও খুঁজতে শুরু করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সিয়াবের লাশ নদীতে খুঁজে পাওয়া যায়। উদ্ধারের পর তাদের দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম নদীতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
