আলো ডেস্ক: নাটোরের সিংড়া উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সানিউল ইসলামসহ (২২) তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ আদেশ দেন।
এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর দণ্ডপ্রাপ্তরা হলেন নিহতের শাশুড়ি সাবিনা (৪০) ও ননদ রিভা খাতুন (২৪)। তারা সবাই সিংড়া উপজেলার গুটিয়া গ্রামের বাসিন্দা। নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আড়াই লাখ টাকা যৌতুকের দাবিতে সিংড়ার গুটিয়া গ্রামের গৃহবধূ খাদিজা কবরী লিমাকে নিয়মিত নির্যাতন করে আসছিল শ্বশুরবাড়ির লোকজন। ২০১১ সালের ২ অক্টোবর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাসায় ফেলে স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের মাধ্যমে গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখতে নিহতের বাবাসহ আত্মীয়রা।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওইদিনই নিহতের বাবা বাদী হয়ে সানিউল ও তার বাবা-মাসহ আটজনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত করে নিহত খাদিজার স্বামী, শাশুড়ি ও ননদের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর দীর্ঘ প্রায় ১২ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
