আলো ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা প্রভাবিত হয়ে বিনিয়োগ না করার আহ্বান জানিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। একই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ারও ঘোষণা দিয়েছে ডিএসই। গতকাল মঙ্গলবার ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে পুঁজিবাজারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেইসবুক পেইজ দ্বারা এক শ্রেণির অসৎ ব্যক্তিরা বিভিন্ন গুজব ছড়াচ্ছেন। এছাড়াও বিভিন্ন ইস্যুতে এসব গ্রুপ বা পেইজ ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পুঁজিবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
এমনকি তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের নাম ব্যবহার করেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এক্ষেত্রে ডিএসইর নাম ব্যবহার করে যেসব ফেক বা ভুয়া অ্যাকাউন্ট বা ফেইসবুক আইডি ব্যবহার করা হচ্ছে-সেগুলো হলো ডিএসই শেয়ার আলো, ডিএসই গেমলিং আইটেম, শেয়ার বাজার, শেয়ার মার্কেট সুপার স্টার, ডিএসই ইনভেস্টর ক্লাব, সুরাইয়া সুমি নামসহ আরও অনেক গ্রুপ রয়েছে।
এই সমস্ত ফেক আইডি বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক কোম্পানি সম্পর্কে অতিরঞ্জিত তথ্য প্রকাশ করে ঐসব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে উৎসাহিত করছে। প্রকৃত পক্ষে ডিএসইতে এই ধরণের কোনো গ্রুপ নেই।
ডিএসই পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং বিনিয়োগকারীদের অবগতির জন্য জানাচ্ছে যে, ডিএসইর একমাত্র তথ্যভাণ্ডার হলো ডিএসইর ওয়েব সাইট (dsebd.org)| । কেউ যদি নাম সর্বস্ব গ্রুপের দ্বারা প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়, তবে ডিএসই কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তবে এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড।
