আলো ডেস্ক: ঢাকার সাভারের আশুলিয়ায় এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় প্রায় চার মাস পর পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে আশুলিয়ার জামগড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জসিম উদ্দিন (৫৫) আশুলিয়ার জামগড়া বেরন এলাকার বাসিন্দা। আশুলিয়া থানার এসআই অমিতাভ চৌধুরী অমিত বলেন, স্বামী প্রবাসে থাকায় ভুক্তভোগী নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতিবেশী ও তার শ্বশুর বাড়ির আত্মীয় জসিম।
এই সুবাদে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল সে। পরে ভুক্তভোগী নারী প্রায় চার মাস আগে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন আসামি জসিম।
