আলো ডেস্ক: চট্টগ্রাম মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে তাদের বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে। গত বুধবার চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাময়িক বহিষ্কৃতরা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ কর্মসংস্থান সম্পাদক মো.সাজেদুল হক সাজ্জাদ ও সহ সম্পাদক শাহাজাহান হাবিব। এদিকে একই অভিযোগে সাতকানিয়া উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ তারেককে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রলীগ।
দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন বলেন, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় জেলা ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ হয়েছে। ছাত্রলীগের নীতি-আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই। গত বুধবার মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজের প্রশংসা করায় ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দেয় লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ। তাদের স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছিল।
এদিকে একই ঘটনায় ৩ নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রামের স্ব-দ্বীপ উপজেলা ছাত্রলীগ। সেই সঙ্গে তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর লিখিত আবেদন করা হয়েছে। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- স্ব-দ্বীপ উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. রুস্তম, কার্যনির্বাহী সদস্য মো. আফসার ও পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। ফেসবুক পোস্টের বিষয়ে মো. রুস্তম, মো. আফসার ও মেহেদী হাসানকে জিজ্ঞাসা করা হয়। কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তাই দল তাদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
