আলো ডেস্ক: খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কোনো আপস করা হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকার বলে খালেদা জিয়া মুক্ত। আমরা যখন বলি তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে পারব কী-না? তখন তাদের পক্ষ থেকে হলা হয় এ ব্যাপারে কিছু জানি না। তবে তিনি (খালেদা জিয়া) মুক্ত। আমরা বলি, খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করার সুযোগ না দিলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এ ক্ষেত্রে কোনো আপস হবে না। গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে গণমিছিল কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে এ সরকার গেড়ে বসেছে। সরাইলেও সরে না, ধাক্কা দিলেও নড়ে না। এ সরকারকে টেনেহিঁচড়ে নামাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এ মিছিলে সবাই আমাদের নেতাকর্মী নয়।
সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে এ মিছিলে অংশগ্রহণ করতে এসেছে। গত ১৫ বছর ধরে আমরা যখন মানুষের অধিকারের কথা বলি আমাদের টিয়ার গ্যাস মারে, গুলি মারে। আমাদের ছেলেদের গ্রেপ্তার করছে। এখন মানুষ আর ভয় পায় না। সরকারের সব অস্ত্র ভোতা হয়ে গেছে। পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, আপনারা কিন্তু আওয়ামী লীগের কর্মচারী নয়। আপনারা গণপ্রজাতন্ত্রীর কর্মকর্তা। আপনারা আওয়ামী লীগের জন্য কাজ করবেন না।
আপনারা জনগণের জন্য কাজ করুন। আমাদের ওপর হামলা, মামলা আর গ্রেপ্তার বন্ধ করুন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের মানুষ আজ ক্ষমতাসীন সরকারের অত্যাচার-নিপীড়নে নির্যাতিত। নজরুল বলেন, বিনা ভোটে জোর করে ক্ষমতায় আছে এ সরকার। তারা অত্যাচার-নিপীড়নের মাধ্যমে দেশ শাসন করে চলেছে। আমাদের দেশের মানুষ আজ নিপীড়িত-নির্যাতিত।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এদেশের মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। বিএনপিরসহ বিরোধী দলগুলো এই সরকারের প্রতি দাবি জানিয়েছিল- দুর্নীতি অনাচার বন্ধ করা হোক। মামলা দিয়ে হয়রানিমূলক গ্রেপ্তার বন্ধ করা হোক। কিন্তু এই সরকার কোনো দাবিতে কর্ণপাত করেনি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে রাজপথে বিরোধীদলগুলো আন্দোলন করছে।
বিএনপি ডাকা এক দফা আন্দোলন কর্মসূচিগুলোয় লোক সমাগম প্রমাণ করে এই সরকারকে কেউ আর চায় না। এ সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। এ জন্যই সরকারের কাছে জনগণ কোনো মূল্য পাচ্ছে না। আমাদের এই আন্দোলনকে আরও বেগবান করতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে।
গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।
