আলো ডেস্ক: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করছে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আওয়ামী লীগ নেত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, র্যালি ও কেক কাটা হয়েছে। বিভিন্ন জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, কম্পিউটার ও সেলাই মেশিন বিতরন, শোভাযাত্রা ও দোয়া মাহফিল, খাদ্য বিতরনের মধ্য দিয়ে নিজ জন্মস্থান গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে টুঙ্গিপাড়ায় কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের সূচনা করে বাংলাদেশ ছাত্রলীগ। পরে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন। শ্রদ্ধা নিবেদন করেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা। এ সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
পীরগঞ্জ (রংপুর): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কসিমননেছা বালিকা উচ্চবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মান্নুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাস্টার প্রমুখ আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের শুভ সুচনা করা হয়।
কুষ্টিয়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান-এর সভাপতিত্বে আলোচনাসভায় সাধারণ সম্পাদক আজগর আলী, সহসভাপতি জাহিদ হোসেন জাফর প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে দোয়া মাহ্ফিল ও কেক কাটা হয়। এ সময় জেলা যুবলীগ ও ছাত্রলীগসহ অংগসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, এদিন সামাজিক বনায়নের উপকারভোগীদের লভ্যাংশের চেক প্রদান ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। সদর উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক ইব্রাহিম হোসেন।
ঝালকাঠি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে শহরের টাউনহলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে দলীয় সভাপতির জন্মদিন উদযাপন করেন নেতাকর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদসহ জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে, গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা আওয়ামী লীগ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও সকল ধর্মীয় উপাসানালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পাবনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলায় বর্ণাঢ্য র্যালী, কোরআন খানী. দোয়া মাহফিল ও মোনাজাত, নৌকা বাইচ, কেক কাটা, স্ংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়। পাবনা জেলা প্রশাসন, পাবনা জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি পালন করে। এদিন, পাবনা জেলা প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে জেলার মসজিদে-মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে।
বগুড়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুপুর সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু-সহ দলীয় নেতৃবৃন্দ।
এদিকে, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন করা হয়েছে।
গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় শ্রীপুর চৌরাস্তার শ্রীপুর ভবন প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে কেক কেটে ও আতশবাজি ফুটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের চকবাজার এলাকায় এ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটওয়ারী প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।
কুমিল্লা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমার উদ্যোগে ১০০ পাউন্ডের কেক কাটা হয়। এরপর মোনাজাতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা। শরীয়তপুর: শরীয়তপুরে কেক কেটে ও মোমবাতি প্রজ¦লন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চৌরঙ্গী মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে মোমবাতি প্রজ¦লন শেষে কেক কাটা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুসহ অনেকে উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বুলিপাড়া এলাকার প্রজ্ঞাবংশ শিশু সদনে অনাথ শিশুদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন সমাজসেবক কেউচিং মারমা। এর আগে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করে তারা। সেই সঙ্গে মহামারি করোনা থেকে মুক্তি কামনাসহ বিশ্বশান্তির জন্য সমবেত প্রার্থনায় অংশ নেন অনাথ শিশু ও বৌদ্ধ ভিক্ষুরা।
বরিশাল: নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উজিরপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঐতিহ্যবাহী লাঠিখেলা, র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাত করা হয়েছে।
নোয়াখালী: নোয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা শহর মাইজদীর রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
এদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নোয়াখালী পৌরসভা ও নোয়াখালী পৌর আওয়ামী লীগের উদ্যেগে কোরআন খতম, ৭৫টি বৃক্ষরোপণ, আনন্দ র্যালি, আলোচনা সভা, দোয়া ও পথশিশুদের মাঝে খাবার সরবরাহ এবং পৌর এলাকার পাঁচটি জায়গায় খাদ্য বিতরণ করা হয়।
হিলি: দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া, কোরআন তেলাওয়াত, কেক কাটা, র্যালি ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
