স্পোর্টস ডেস্কঃ ইন্টার মায়ামিতে মেসির যে প্রত্যাবর্তন তা ছিল স্বপ্নের মত। প্রথম সাত ম্যাচ এই মায়াবীকে জিতিয়ে লিগস কাপ। তারপর থেকে মায়ামির জয়রথ থামছিলো না। মেসি ইনজুরিতে পড়লেন, ধারণা করা হচ্ছিল তিনি ইউএস ওপেনের ফাইনালে খেলবেন। তবে খেলতে পারলেন না আর্জেন্টাইন তারকা। দর্শক গ্যালারিতে বসে দেখেছেন নিজ দলের ফাইনাল হার।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ডিআরভি পিএনকে স্টেডিয়ামে হিউস্টন ডায়নামোর মুখোমুখি হয়ে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। মেসি ও জর্দি আলবাকে ছাড়া ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল জেরার্দো মার্তিনোর দল।
বিরতির পর যোগ করা সময়ের ২ মিনিটে মায়ামির হয়ে সান্ত্বনাসূচক গোলটি হোসেফ মার্তিনেজের। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন কাপ জিতল হিউস্টন ডায়নামো। প্রথম জিতেছিল ২০১৮ সালে।
মেসিকে ছাড়া এদিন মায়ামির আক্রমণভাগ নির্বিষ হয়ে পড়েছিল। অন্যদিকে মায়ামির রাইটব্যাক ইয়েডলিনকে এদিন রীতিমতো নাচিয়েছেন কুইনোনেস। দ্বিতীয়ার্ধে মেসির দলের কোচ জেরার্দো মার্টিনো একের পর এক খেলোয়াড় বদল করেন, তাতে ডায়নামোর আক্রমণের গতি কিছুটা কমে আসে। ম্যাচের শেষ দিকে জোসেফ একটি গোল শোধ করলে কিছুটা আশা অবশ্য দেখছিল মায়ামির সমর্থকরা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
