স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল। তাকে ‘আনফিট’ অ্যাখ্যা দিয়ে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
ওই ঘটনায় বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় তামিম জানিয়েছেন, ফিজিও’র রিপোর্ট অনুযায়ী, তার খেলতে বাধা ছিল না। তাকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। তাকে প্রথম ম্যাচে খেলানো হবে না কিংবা নিচে খেলানো হবে এমন প্রস্তাবও দেওয়া হয়েছিল।
যেটাকে নোংরামি মনে হয়েছে তামিমের। সেজন্য তিনি নোংরামির মধ্যে থেকে খেলতে চান না বলে বোর্ডকে জানিয়েছেন। এসব ঘটনার ব্যাখ্যা দিয়ে ক্রীড়া বিষয়ক সম্প্রচার মাধ্যম টি-স্পোর্টসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান।
তিনি দাবি করেছেন, অধিনায়ক হলেও তিনি দল নির্বাচনসহ অনেক বিষয়ে খুব বেশি সম্পৃক্ত নন। তামিমকে দলে না নেওয়ায় তার কোন ভূমিকা নেই। বোর্ড থেকে তামিমকে মিডলে খেলার প্রস্তাব দেওয়া হলে তাতে দোষের কিছু দেখেন না। এছাড়া তামিমের আচরণকে শিশুসুলভ অ্যাখ্যা দিয়ে তার টিমম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব।
সাকিবের ওই সাক্ষাৎকারে অনেক কিছু পরিষ্কার হলেও বৃহস্পতিবার জানা গেলো, ওটাই শেষ সাক্ষাৎকার নয়। তার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব আসছে। বৃহস্পতিবার রাত ১১টায় সাক্ষাৎকারের পরের অংশটি প্রচারিত হবে। সেখানে আরও অনেক প্রশ্নের উত্তর মিলবে বলেও ইঙ্গিত দিয়েছে সংবাদ মাধ্যমটি।
