আলো ডেস্ক
দেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগেই ভোরে গাজীপুরের কালিয়াকৈরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন ট্রাকটির চালক।
রোববার (৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া ফুটওভারব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকটি থামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ট্রাকের চালক সাইফুল ইসলাম দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, খাড়াজোড়া এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ট্রাকের চালক সাইফুল ইসলাম দগ্ধ হয়েছেন। তার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গেছে তবে তিনি আশঙ্কা মুক্ত। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
