আলো ডেস্ক
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরুতেই দিনাজপুরের কাহরোল উপজেলায় একটি ধান বোঝাই করা চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি আংশিক পুড়ে গেলেও আগুনে দগ্ধ হয়েছে ট্রাকটির চালক।
শনিবার দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার রামপুরা বাজারে এই ঘটনা ঘটে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বোদা থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৬৫৮) দিনাজপুর শহরের দিকে আসছিল। রাত ২টার দিকে কাহারোল উপজেলার রামপুরা বাজারে পৌঁছালে একটি মোটরসাইকেলে তিন জন ব্যক্তি হেলমেট পরে এসে ট্রাকের সামনে ঢিল ছোড়ে। এসময় ট্রাকটির গতি একটু কমালে তারা পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়।
খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটির সামনের কেবিন ও কিছু ধান পুড়ে গেছে। আহত চালক ও হেলপারকে কাহারোল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম জানান, দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
