স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন রাজশাহীর এবং অন্যজন চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।
গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি।
এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪২ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৪৬ জন। বর্তমানে রাজশাহীর ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ২ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ২ জন, চুয়াডাঙ্গার একজন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১০ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১২ জন।
এর আগে গত বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৪৩ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েনি একটিতেও। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে রাজশাহীর একজনের।
