এফএনএস স্পোর্টস: সব ঠিক থাকলে ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হতে যাচ্ছেন রোহিত শর্মা। গতকাল ভারত-আফগানিস্তান ম্যাচ চলাকালীন সময় জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করে ভারতীয় বোর্ড। ম্যাচে ব্যস্ত থাকায় কোচ নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা সম্পর্কে ভারতীয় দলের কেউ জানতেন না। ম্যাচের পর কথাটা শুনেই অবাক হয়ে যান রোহিত শর্মা।
সাংবাদিক সম্মেরণে প্রশ্ন করা মাত্র রোহিত বলেন, ‘আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়ে গেছে নাকি? আমরা তো খেলছিলাম। কিছুই জানি না।’ আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেছে শুনে রোহিত বলেন, ‘ভারতীয় দলে অন্য রূপে ফেরার জন্য তাকে অনেক শুভেচ্ছা। তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।
ভারতীয় ক্রিকেটের একজন অন্যতম স্তম্ভ। ভবিষ্যতে তার সঙ্গে কাজ করতে পেরে নিশ্চয়ই খুব ভাল লাগবে।’ কিছুদিন আগে থেকেই রাহুলের কোচ হিসেবে নিয়োগের গুঞ্জন চলছিল। গতকাল এলো আনুষ্ঠানিক ঘোষণা।
এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কোচের পদের জন্য সাক্ষাৎকার দেওয়ার সময় দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল, তার পছন্দের অধিনায়ক সম্পর্কে। দ্রাবিড় নাকি রোহিতের নাম বলেছেন। অভিজ্ঞতার জন্যই তার রোহিতকে পছন্দ বলে জানান দ্রাবিড়। আর দ্বিতীয় পছন্দ লোকেশ রাহুল।
