স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ২০২৪ বিপিএলের ম্যাচ। এবারের বিপিএলে ফরচুন বরিশাল দলে টেনেছে মুশফিকুর রহিম, মাহমদুউল্লাহ রিয়াদ, তামিম ইকবালের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। তবে এতো অভিজ্ঞদের ভীড়ে অধিনায়কত্ব করবে কে তা নিয়ে ছিলো ভিন্ন মতামত। অবশেষে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের কাঁধেই নেতৃত্বের ভার দিয়েছে দলটি।
সোমবার (১৫ জানুয়ারি) দলটির কোচ মিজানুর রহমান বাবুল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, অফিশিয়ালি তামিমই আমাদের অধিনায়ক। ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সিতো আসলে হয় না। তামিমই অধিনায়কত্ব করবে।’
তামিমের বর্তমান ফিটনেস অবস্থা জানাতে গিয়ে বাবুল বলেন, ‘আমার কাছে মনে হয়েছে সে খুব টাচি ও খুব ভালো অবস্থায় আছে। আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো অবস্থায় আছে।’
‘এরকম কিছু মনে হয়নি আমার কাছে। আজকে আমরা যতক্ষণ অনুশীলন করেছি একটা উদ্দ্যেশ্য নিয়ে অনুশীলন করেছি। শেষের দিকে আমরা যেমন একটা ফুল ম্যাচ খেলেছি। এর আগে ছোট ছোট সিনারিও ছিলো। সারাক্ষণই তামিমের ইনভলবমেন্ট ছিলো।’-যোগ করেন বাবুল।
পিকেএসপিতে আজকের অনুশীলন নিয়ে বাবুল বলেন, ‘আমাদের অনেক রকম সিনারিও ছিল আজকে। যেহেতু ফুল মাঠে আমরা এখানে অনুশীলন করেছি। কোচ হিসেবে আমি সন্তুষ্ট। ব্যাটসম্যান বোলাররা আজকে যেরকম অনুশীলন করেছে তাতে আমি খুশি।’
