আলো ডেস্ক এক্সক্লুসিভ: পর্যটকদের নিরাপত্তা দেওয়া ও পর্যটন শিল্প বিকাশে গঠিত বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট ‘ট্যুরিস্ট পুলিশ’। আট বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ট্যুরিস্ট পুলিশ।
প্রতিষ্ঠাবার্ষিকীর ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আজ সোমবার কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজন ও বর্ণিল নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ থেকে লাবণী বিচ পর্যন্ত বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে র্যালি উদ্বোধন করবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- সেমিনার, আলোচনা সভা, লাবণী বিচে ফানুস উড়ানো, লাইট শো ও আতশবাজিসহ ইত্যাদি কর্মসূচি। আগামী ১১ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে পর্দা পড়বে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। কক্সবাজারকে প্রতিষ্ঠাবার্ষিকীর ভেন্যু হিসেবে নির্বাচনের কারণ তুলে ধরে ট্যুরিস্ট পুলিশের প্রধান ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান বলেন, কক্সবাজার বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছিন্ন বালুকাময় সমুদ্র সৈকত।
আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে ব্র্যান্ডিং করতে চায়। কক্সবাজারকে বিশ্বে তুলে ধরার মাধ্যমে পর্যটন আকর্ষণ বাড়াতে আমরা আইজিপির সুযোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় নিরলস কাজ করছি।
দেশি-বিদেশি পর্যটকদের বিশ্বমানের পর্যটন সেবা ও দেশের পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ছয় নভেম্বর ২০১৩ সালে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করে ট্যুরিস্ট পুলিশ।
