আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় চার মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এ হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ হাজার। গেলো বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলা এখনও অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। যুদ্ধ বন্ধ হয়ে গেলেও আগামী ছয় মাসে এখানে প্রায় ৮ হাজার মানুষ মারা যেতে পারে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের স্বাধীন গবেষকদের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধ এখন বন্ধ হয়ে গেলেও চলমান সংঘাতের কারণে সৃষ্ট জনস্বাস্থ্য সংকটের কারণে আগামী ছয় মাসে সেখানে প্রায় ৮ হাজার মানুষের প্রাণহানি হতে পারে।
গাজার হাসপাতালগুলো লড়াইয়ের কারণে বিধ্বস্ত হয়ে পড়েছে এবং এর ২৩ লাখ বাসিন্দার ৮৫ শতাংশেরও বেশি গৃহহীন হয়ে পড়েছে। ডায়রিয়ার মতো রোগের পাশাপাশি জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রগুলোতে অপুষ্টিতে ভোগা বাড়ছে।
যুক্তরাষ্ট্রের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং জনস হপকিন্স সেন্টার ফর হিউম্যানিটারিয়ান হেলথের শিক্ষাবিদদের একটি প্রতিবেদনে পরিসংখ্যান এসেছে, আগামী ছয় মাসে গাজায় অতিরিক্ত মৃত্যুর কারণ হতে পারে চলমান সংঘাত।
সোমবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, জনস্বাস্থ্যের কারণে ইসরাইলকে অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ ইসরাইলে জনস্বাস্থ্যের অবনতি ঘটেনি।
