এফএনএস স্পোর্টস: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিম ম্যানজার সাব্বির খানের পদত্যাগের খবর দেশের কিছু অনলাইন মিডিয়া রংচং লাগিয়ে ছড়িয়ে দিয়েছে।
সাব্বিরের সঙ্গে জড়ানো হচ্ছে সাকিব আল হাসানের নাম। বলা হচ্ছে, সাকিবের অভিযোগেই নাকি বিসিবি সাব্বির খানকে পদত্যাগ করতে বাধ্য করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব কেন, সাব্বিরের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি। বিসিবিও তাকে কোনোরকম চাপ দেয়নি।
সাব্বির স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাহলে সাব্বিরের বিরুদ্ধে এসব গুজব রটালো কারা? এমন গুজবে বিসিবির নিবেদিতপ্রাণ কর্মকর্তাদের একজন সাব্বির বেশ মনোকষ্টে আছেন। তার সঙ্গে সাকিব আল হাসানের হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটা স্ক্রিনশট সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে।
ইনজুরির কারণে বিশ্বকাপের মাঝপথেই সাকিব চলে গেছেন যুক্তরাষ্ট্রে। তিনি এখন সেখানেই অবস্থান করছেন। পাকিস্তান সিরিজেও তাকে পাওয়া যাবে না।
সাব্বির সেই কথোপকথনে সাকিবকে জিজ্ঞেস করেছিলেন, ‘আমি কি তোমাকে একটি শব্দ উচ্চারণের জন্য অনুরোধ করতে পারি? তুমি কি আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছ? আমি খুব খুশি হব যদি তুমি হ্যাঁ বা না কিছু একটা বলে জবাব দাও।’
জবাবে সাকিব লিখেছেন, ‘না, কখনই না’। এরপর সাকিবকে ধন্যবাদ জানিয়ে কথোপকথনের ইতি টানেন সাব্বির। যেভাবেই হোক, স্ক্রিনশটটি বাইরে চলে এসেছে। যেটা এখন আলোচনার কেন্দ্রে।
