আলো ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ সময় প্রকল্প কার্যক্রমের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা।
কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হকের নেতৃত্বে সদস্যরা গতকাল শনিবার পাবনার ঈশ্বরদীতে এটি পরিদর্শন করেন। এতে অংশ নেন- কমিটির সদস্য মো. হাবিবে মিল্লাত, মো. শফিকুল আজম খাঁন, মো. মোজাফ্ফর হোসেন, মো. আক্তারুজ্জামান, শিরীন আহমেদ এবং হাবিবা রহমান খান।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কার্যক্রমের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা। করোনার সময়েও প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার জন্য প্রকল্পে নিয়োজিত দেশি-বিদেশি সবাইকে ধন্যবাদ জানান তারা।
তবে বিদ্যুৎ সঞ্চালনের জন্য দ্রুত সংযোগ স্থাপনে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশকে প্রকল্প পরিচালকের মাধ্যমে অনুরোধ জানান কমিটির সদস্যরা।
পরিদর্শনকালে কমিটি প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রকল্পের অন্তর্ভুক্ত সব কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার সুপারিশ করে। পরিদর্শনের আগে প্রকল্প কর্মকর্তারা কমিটির সদস্যদের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কাজ সম্পর্কে ব্রিফিং দেন।
এসময় কমিটির সদস্যরা বলেন, এ প্রকল্পের সফল সূচনার মাধ্যমে দেশ এবং জনগণ বহুলভাবে উপকৃত হবে। পাশাপাশি উন্নয়নের পথে যুগান্তকারী পদক্ষেপ রাখবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রকল্প পরিচালকসহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পরিদর্শনে অংশগ্রহণ করেন।
