সংগৃহীত
আলো ডেস্কঃ
রাজশাহী মহানগর এলাকার চন্দ্রিমা থেকে শাকিরা তাসনিম (২৬) নামের অপহৃত এক নারী চিকিৎসকে পাবনা থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। বুধবার (১ জানুয়ারি) দুপুরে র্যাব-১২ পাবনা কার্যালয়ে সংবাদ সস্মেলনে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, প্রধান অভিযুক্ত পাবনার সাঁথিয়া উপজেলার বামনডাঙ্গা গ্রামের তানজিম খান তাজ ওরফে নিরব (৩০), তার সহযোগি সুজানগর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের সেলিম মল্লিক (৩৫), সিরাজগঞ্জের চৌহালী থানার বড়ংগাইল দক্ষিণপাড়া এলাকার সজিব হোসেন (২৩) ও মাইক্রোবাস চালক সুজানগর উপজেলার বদনপুর গ্রামের আশরাফুল ইসলাম (৩৫)।
কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, চিকিৎসক ডা. শাকিরা তাসনিম রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। গেলো ৩০ ডিসেম্বর (সোমবার) ভোরে রাজশাহী মহানগরের চন্দ্রিমা এলাকার বাসা থেকে চিকিৎসক ও তার বাবা আবু তাহের খুরশীদকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার রাস্তায় চিকিৎসকের বাবাকে ফেলে চলে যায়।
পরদিন ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) অপহৃত চিকিৎসকের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর অপহৃত ডা. শাকিরা তাসনিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে র্যাব। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে অপহৃত চিকিৎসককে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করে র্যাব।
