আলো ডেস্ক:
গাজীপুর টঙ্গী পশ্চিম থানা এলাকায় ছিনতাইকারীর ছুরির আঘাতে একজন কনস্টেবল আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভুক্তভোগী মো. মোশারফ হোসেন টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় কর্মরত। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী পুলিশ সদস্যের বরাত দিয়ে তিনি জানান, গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুর টঙ্গী পশ্চিম থানা এলাকায়, সবুজবাগ বাসা থেকে পিকআপে করে বাসার মালামাল নিয়ে টাঙ্গাইলে যাচ্ছিলেন মোশারফ হোসেন। এসময় পথে অজ্ঞাত চার থেকে পাঁচ জন ছিনতাইকারী রাস্তার ওপরে পাথর দিয়ে পিকআপ ভ্যানটির গতিরোধ করে।
এসময় ছিনতাইকারীরা তার বামপাশে রানে ছুরির আঘাত করে তার কাছে থাকা ২৫ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।
পরবর্তী সময়ে টঙ্গি পশ্চিম থানা পুলিশ তাকে উদ্ধার সকাল সাড়ে ৮টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।
