পোষ্য কোটার দাবিতে রাবি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন অব্যাহত
স্টাফ রিপোর্টার
সন্তানদের জন্য পোষ্য কোটা পেতে আন্দোলন অব্যাহত রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে কর্মকর্তা, সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী, পরিবহন কর্মচারী সমিতি সদস্যরা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে আইন বিভাগের অফিস সহায়ক শফিকুল ইসলাম সদর বলেন, রাবিতে ৫% কোটা আছে, থাকবে। এর বিকল্প আমরা ভাবতে পারি না। প্রয়োজনে আমরা আমাদের সন্তানদের জন্য জীবন দিয়ে দিব। আমরা আমাদের দাবি পূরণ করেই ছাড়ব। ভিসি স্যার আমাদের বলেছেন, ‘ঐদিন যা ঘটেছিল তা ইসরায়েলের বর্বরতাকেও হার মানায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন জিম্মির দশা হতে দেওয়া যাবে না।’ এদিন আরো বক্তব্য রাখেন কর্মকর্তা কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্টুয়ার্ড শাখার সেকশন অফিসার জহুরুল হক প্রমুখ।
গত সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে কর্মকর্তা, সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী, পরিবহন কর্মচারী সমিতি আয়োজনে মানববন্ধন করেছিলেন তারা।
গত দুই মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে রাবি প্রশাসন ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানের কোটা বাতিল করে কর্মচারীদের সন্তানদের জন্য ১% কোটা রাখে। তবে শিক্ষার্থীদের চাপের মুখে শেষ পর্যন্ত গত ২ জানুয়ারি পোষ্য কোটা পুরোপুরি বাতিল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
