আলো ডেস্ক: লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলামের নাক ফাটালেন একই বিদ্যালয়ের কৃষি বিষয়ের সহকারী শিক্ষক ভুপতি রঞ্জন রায়।
তাকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নামুড়ী স্কুল অ্যান্ড কলেজের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক নজরুল ইসলাম উপজেলা সদরের টাওয়ার পাড়া এলাকার বাসিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক নজরুল ইসলাম বলেন, সহকারী শিক্ষক ভুপতি রঞ্জন রায় প্রায়ই বিদ্যালয়ে দেরিতে আসেন। এ কারণে হাজিরা খাতায় তাকে অনুপস্থিত দেখানো হয়।
অনুপস্থিত লেখা জায়গায় তিনি জোর করে সই করেন। এর কারণ জানতে চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে বিদ্যালয় চলাকালীন অফিস কক্ষে সবার সামনে আমার নাকে ঘুষি মারেন। এ সময় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী নজরুল ইসলাম ভুপতি রঞ্জন রায়কে সহযোগিতা করেন বলেও দাবি করেন নজরুল ইসলাম।
নামুড়ী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আলকাছ আলী বলেন, শিক্ষক ভুপতি রঞ্জন রায় গত পাঁচদিন বিদ্যালয়ে দেরিতে আসায় স্যার (প্রধান শিক্ষক) হাজিরা খাতায় অনুপস্থিত লিখে সই করেন। কেন অনুপস্থিত লেখা হয়েছে এনিয়ে অফিস কক্ষে দুজনের বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে সহকারী শিক্ষক ভুপতি রঞ্জন রায় ও অফিস পিয়ন নজরুল ইসলাম প্রধান শিক্ষককে আঘাত করে অফিস থেকে সটকে পড়েন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক ভুপতি রঞ্জন রায় মোবাইল ফোনে বলেন, প্রথমে প্রধান শিক্ষক আমার ওপর উত্তেজিত হলে আমি তার নাকে একটা ঘুষি মেরেছি মাত্র।
আদিতমারী থানার এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আদিতমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ঘটনাটি তার জানা নেই। ওই স্কুলে একাধিক মামলা থাকায় দিন দিন জটিলতা সৃষ্টি হচ্ছে বলে তিনি দাবি করেন।
