আলো ডেস্ক: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দৃষ্টি রাখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইইউয়ের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এ কথা বলেন।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নেন ইইউয়ের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশসহ সব দেশেই মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত দেখতে চায়।
তবে, নির্বাচন কোনো ইভেন্ট নয়, এটা একটি প্রক্রিয়া। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে দৃষ্টি রাখছে ইউরোপীয় ইউনিয়ন।
চার্লস হোয়াইটলি বলেন, নির্বাচন কোনো ইভেন্ট নয়, নির্বাচন হলো একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তিনি আরও বলেন, আমরা যারা বাংলাদেশে কাজ করি, তাদের সবারই এখানে স্বার্থ আছে।
এখানে আমরা কোনো হস্তক্ষেপ করছি না। তবে ওই জায়গা থেকে আমরা বাংলাদেশে মনিটরিং করবো। দেশটির স্টেকহোল্ডার হিসেবে দিন শেষে আমরা দেখতে চাই প্রতিটি ভোটার যে ভোট দিয়েছেন, তা গণনা করা হয়েছে।
এ সময় তিনি ইউরোপের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা পাওয়া নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, জিএসপি পাওয়া কোনো পিকনিক নয়। অপর এক প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে ইউরোপীয় ইউনিয়ন।
আমরা মিয়ানমারের ওপর বেশ কয়েকটি ইস্যুতে অবরোধ আরোপ করেছি। রোহিঙ্গাদের যেন মিয়ানমার ফেরত নেয় এ লক্ষ্য আমরা আন্তর্জাতিক চাপও অব্যাহত রেখেছি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।
সম্প্রতি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। এ নিয়ে সেখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।
