আতিকুর রহমান
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ সাদেকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) রাত ১১টা ১৫ মিনিটের দিকে গোদাগাড়ী মডেল থানাধীন ঘিয়াপুকুর গ্রামের ঘিয়াপুকুর ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদেকুল ইসলাম গোদাগাড়ী উপজেলার কাপাসিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট রাত ১১টার দিকে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নবীনগর (বারোহাটি) ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঘিয়াপুকুর ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৫ মিনিটের দিকে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।
আটকের পর তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি আকাশি রঙের পলিথিনের ব্যাগের ভেতর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজাসহ সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানাধীন কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এ অভিযানকে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছে পুলিশ। মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
