ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে ব্যবসায়ী ও সর্বসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত রবিবার (২৩ই আগস্ট ২০২৬ইং) মোহনপুর উপজেলার উকেশরহাটে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, বাজারে অসাধু উপায়ে প্রতারণা বন্ধে আইনটি সঠিকভাবে মান্য করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেশরহাট বাজার বণিক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা। আলোচনা সভায় সহকারী পরিচালক বিপুল বিশ্বাসসহ আমন্ত্রিত অতিথিরা আইনটির বিভিন্ন দিক তুলে ধরেন। সচেতনতামূলক এই আলোচনায় মূলত চারটি প্রধান বিষয়ের ওপর জোর দেওয়া হয়, ভোক্তার অধিকার নিশ্চিতকরণ, বাজারে প্রতিটি সাধারণ ক্রেতা যেন তাদের ন্যায্য অধিকার ভোগ করতে পারেন, প্রতারণার শিকার না হন, তা নিশ্চিত করা। পণ্যের সঠিক মূল্য নির্ধারণ, নির্ধারিত ও নায্য মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের সংস্কৃতি চালু রাখা, কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করা।
মানসম্মত পণ্য সরবরাহ, খাদ্যে ভেজাল প্রতিরোধ,মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থেকে মানসম্পন্ন পণ্য সরবরাহের পরিবেশ গড়ে তোলা।
আইন মেনে ব্যবসা পরিচালনা, প্রচলিত আইনের আওতায় থেকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা এবং ব্যবসায়ীদের নিজস্ব দায়িত্ববোধ বাড়ানো।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাজারে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের অধিকার রক্ষা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অসাধু চক্র যেন আইন অমান্য করে সাধারণ মানুষকে হয়রানি বা আর্থিক ক্ষতিসাধন করতে না পারে, সেজন্য সবাইকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যবসায়ী ও ভোক্তাদের সম্মিলিত সচেতনতাই পারে একটি কল্যাণমুখী ও সুশাসিত বাজার ব্যবস্থা গড়ে তুলতে।
