গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি, রাজশাহী। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে গোদাগাড়ী থানাধীন কবুতরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি, রাজশাহীর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন দল জানতে পারে, কবুতরপাড়া গ্রামের একটি মাটির রাস্তার পূর্ব পাশে সরকারি খাস জমিতে প্লাস্টিকের বাজারের ব্যাগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছে।
সংবাদের ভিত্তিতে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে টর্চ ও সার্চলাইটের আলোতে তল্লাশি চালায়। এ সময় সেখানে দুটি লাল রঙের শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ব্যাগ দুটি উদ্ধার করে তল্লাশি করা হলে একটিতে সাদা-ধূসর রঙের হেরোইনসদৃশ পাউডার পাওয়া যায়। যার ওজন ৫২৮ গ্রাম। অপর ব্যাগে ছয়টি সাদা পলিপ্যাক পাওয়া যায়। এসব পলিপ্যাকে থাকা হেরোইনের মোট ওজন ৬৪৫ গ্রাম।
দুটি ব্যাগ থেকে সবমিলিয়ে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
এসআরবি-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী ও ছিনতাইকারীসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
তবে উদ্ধারকৃত মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
