স্টাফ রিপোর্টার
জয়পুরহাটে সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা উদ্ধার করেছে র্যাব-৫।
শনিবার (১২ সেপ্টেম্বর) জয়পুরহাট সদর থানার ঘোনাপাড়া গ্রামের ফিপ্রি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্প (সিপিসি-৩) সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাবের একটি অপারেশন দল ঘোনাপাড়া এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থলে অস্ত্র ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা উদ্ধার করা হয়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব অস্ত্র জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
