স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাঘা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫। এ সময় দুটি মুঠোফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাঘা উপজেলার কলিগ্রাম গ্রামের মো. রেজাউল করিম (৪২), ঈশ্বরদী উপজেলার নূরমহল কলেজ রোড এলাকার মো. মোশরাফ (৫৫) এবং একই এলাকার মো. আজিজুল হক (৩৮)।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী বাঘা পৌরসভার কলিগ্রাম গ্রামের রেজাউল করিমের টিনশেড আধাপাকা বাড়িতে অবস্থান করছেন-এমন সংবাদের ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর রাত ১টা ২০ মিনিটে অভিযান চালানো হয়।
অভিযানে বাড়িটির পাশের শয়নকক্ষের চৌকির নিচে অ্যালুমিনিয়ামের পাতিলে বিশেষভাবে রাখা ৭৫ বোতল এবং সিমেন্টের বস্তা দিয়ে তৈরি বাজারের ব্যাগে বিশেষ কায়দায় রাখা আরও ৫০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ১২৫ বোতল ফেয়ারডিল, দুটি মুঠোফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
