আলো ডেস্ক: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের প্রসঙ্গ টেনে বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে অন্য কোনও রাজনৈতিক দলের প্রার্থী নাই। অথচ গত বৃহস্পতিবার ৬ থেকে ৭ জন মারা গেছে।
জোর করে মনোনয়নপত্র কেড়ে নেওয়া হচ্ছে, ঘরবাড়ি ছাড়া করা হচ্ছে। তাহলে বিএনপি থাকলে অবস্থা কী হতো! গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি মহানগর আয়োজিত দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
ক্ষমতায় থেকে বর্তমান সরকার ‘একদিনে যে ক্ষতি করছে’, দুই বছরেও তা পূরণ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘এই মূহূর্তে এই সরকারের পদত্যাগ করে, একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা জরুরি।
কারণ যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না, তাদের জনগণের প্রতি কোনও দরদ থাকে না। গ্যাস-তেলের দাম বাড়ায় কৃষিপণ্য উৎপাদনের ‘ব্যয় বেড়ে যাবে’ মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই কৃষিপণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে তার খেসারত সবাইকে দিতে হবে।
যেমন বর্তমানে বাজারে চালের দামসহ অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আজকে সরকারি কর্মচারীদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি এটা প্রমাণ করে দেশে দ্রব্যমূল্যে এক লাফে উঠে গেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আজকে ব্যথাটা বিএনপির ব্যথা না, এটা জনগণের ব্যথা। প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর থেকে আগত বিএনপির বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ।
