নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসভা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে পপি রানী (৬০) নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় লোহার রডের আঘাতে গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে কালিসভা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালিসভা গ্রামের বাসিন্দা পপি রানীর জমির ধান ও খড় চুরি হয়ে আসছিল।
বুধবার দুপুরে এ নিয়ে তিনি তার শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছেলের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একই এলাকার তপন ও তার জামাই সেখানে এসে পপি রানীর সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়েন।
একপর্যায়ে তপন ও তার জামাই পপি রানীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়। পরে বাড়ি থেকে লোহার রড এনে তার মাথা, হাত, বুক ও মাজায় আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন।
হাসপাতালে চিকিৎসাধীন পপি রানী বলেন, আমার স্বামী গত ৮-৯ বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী। এই সুযোগে প্রতিপক্ষরা আমাদের জমিজমা জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। এর আগেও তারা আমার ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল। স্থানীয় বোর্ডে বিচার চেয়েও কোনো কাজ হয়নি।
ঘটনার সময় তার চিৎকার শুনে আশপাশের পথচারী ও প্রতিবেশীরা এগিয়ে এসে আহত পপি রানীকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
