রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে হামলা, পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুট্টু
স্টাফ রিপোর্টার
রাজশাহীর কাটাখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ভুট্টু (৫১) প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। শুক্রবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে শ্যামপুর নতুন পাড়ার চেয়ারম্যান মোড় এলাকায় তাঁর বাড়িতে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৫-১৬ জন যুবক পিস্তল, চাকু ও দেশীয় অস্ত্র নিয়ে রফিকুলের ইসলামের ভুট্টোর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। হামলাকারীদের মধ্যে ছিলেন মৌলভী পাড়ার সাহিনুর রহমান সিহাব (৩৪), মনির মাস্টারের ছেলে শফিকুল ইসলাম বাবু (২৬), ছাত্রলীগ কর্মী অনিক (২৩), যুবলীগ কর্মী শিমুল (২৮), জুবায়ের আহমেদ ফাহিম (২৮), ড্রাইভার মিঠুন (৩৫)সহ অজ্ঞাত ১৫ থেকে ১৬ জন।
বিএনপি নেতা রফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমি বিএনপির জন্য জীবন উৎসর্গ করেছি, অথচ আজ আমার জীবনই সংকটে।”
স্থানীয় বিএনপি নেতারা জানান, রফিকুল ইসলাম দীর্ঘ ৩২ বছর ধরে বিএনপি রাজনীতিতে সক্রিয় এবং একাধিকবার পুলিশের হয়রানির শিকার হয়েছেন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের সমর্থকরা তাঁকে রাজনৈতিকভাবে নির্মূল করতে চাচ্ছে, আর পুলিশও তাঁদের পক্ষ নিয়েছে।
এদিকে, কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মুঠোফোন বলেন , “রফিকুল ইসলাম থানায় এসে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তবে রফিকুলের দাবি, হামলার পর থানায় গিয়ে অভিযোগ জানাতে চাইলেও পুলিশ মামলা নেয়নি।
জানা গেছে, গত সপ্তাহে বিএনপি নেতা রফিকুল ইসলাম ভুট্টু বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন। ওই ইফতারে সুদের টাকা দিয়ে অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে আপত্তি জানান তিনি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বালু ব্যবসায়ী সাহিনুর রহমান শিহাব তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে ভুট্টুর বাড়িতে হামলা চালানো হয়।
রফিকুল ইসলামের স্ত্রী তাহেরা বেগম (৪২) দীর্ঘ ৫ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। হামলা ও প্রাণনাশের হুমকির কারণে তাঁর পরিবার এখন গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। রফিকুল ইসলামের আহ্বান, “আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”
এ বিষয়ে সাহিনুর রহমান শিহাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বিএনপি’র শীর্ষস্থানীয় নেতা, তারেক রহমানসহ বিএনপি’র চেয়ারপার্সন ও অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে তাঁর পরিবারের নিরাপত্তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বন্য রফিকুল ইসলাম ভুট্টু।
