মোঃ আতিকুর রহমান
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বিশিষ্ট আইনজ্ঞ মরহুম ড. এম. এনামুল হকের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১ এগারোটা তাঁর জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজাকে কেন্দ্র করে গোদাগাড়ীতে শোকের আবহ তৈরি হয়। প্রিয় এই কৃতী সন্তানকে শেষবারের মতো বিদায় জানাতে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ জানাজাস্থলে উপস্থিত হন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ড. এম. এনামুল হক ছিলেন গোদাগাড়ীর কৃতী সন্তান। তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁর মৃত্যুতে গোদাগাড়ীসহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাঁকে একজন মেধাবী, দক্ষ ও গুণী ব্যক্তি হিসেবে স্মরণ করছেন। তাঁর মৃত্যুতে এলাকার মানুষ একজন গর্বিত কৃতী সন্তানকে হারিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেছেন।
জানাজায় অংশ নেওয়া অনেকেই মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, মরহুম ড. এম. এনামুল হকের শেষ বিদায়ে অংশ নিতে আসা মানুষের মধ্যে ছিল গভীর আবেগ ও শোক। জানাজা শেষে উপস্থিত মুসল্লি ও শুভাকাক্সক্ষীরা মরহুমের জন্য দোয়া করেন এবং তাঁর পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
ড. এম. এনামুল হকের মৃত্যুতে তাঁর দীর্ঘ কর্মজীবনের সহকর্মী, শুভাকাক্সক্ষী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম ও অবদান মানুষের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
মরহুম ড. এম. এনামুল হকের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জানাজায় অংশ নেওয়া সর্বস্তরের মানুষ।
