তথ্যবিবরণী
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় গত জুন মাসে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) বেলা বারোটায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মোবাইল হস্তান্তর করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
তিনি বলেন, আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক উদ্ধারকৃত ৮৪টি মোবাইল ফোন আজ প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হলো এবং বিভিন্ন থানা হতে উদ্ধারকৃত ৬১টি মোবাইল ফোন ইতোমধ্যে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, আরএমপি মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সদা তৎপর রয়েছে। এই দায়িত্বের পাশাপাশি আমরা প্রতিনিয়ত হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে থাকি। এই মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরীর নয়, দেশের অন্যান্য জেলা থেকেও উদ্ধার করা হয়। সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক প্রতারকচক্র চুরি হওয়া বা অবৈধ মোবাইল ফোন বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করছে।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এ জনবান্ধব ও মানবিক উদ্যোগকে আন্তরিক প্রশংসা জানিয়েছেন। তাদের ভাষায়, এ উদ্যোগের মাধ্যমে শুধু হারানো সম্পদই ফিরে পাওয়া যায়নি, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এসময় যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর টেলিফোন: ০২৫৮৮৮০১৩৫১ ও মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯ এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে সাইবার হটলাইন নম্বরে (০১৩২০-০৬১৯৯৯) যোগাযোগ করার জন্য আরএমপি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
