তথ্যবিবরণী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের আইপিই ক্লাবের আয়োজনে ‘ইফিশিয়েন্সি পাইওনিয়ারস: টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ জুলাই) দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রেজেন্টশন পরিদর্শন করেন তিনি। এতে সভাপতিত্ব করেন আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন।
উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাভিত্তিক শিক্ষার পরিবেশ গঠনে এ ধরনের আয়োজন সহায়ক ভূমিকা পালন করবে।”
সভাপতি প্রতিযোগিতার উদ্দেশ্য তুলে ধরে জানান, ‘শিক্ষার্থীদের এই প্রেজেন্টেশনগুলো সংশ্লিষ্ট কোম্পানি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। শিক্ষার্থীদের এই প্রযুক্তি ব্যবহার করে কোম্পানীগুলো অল্প সময়ে অধিক পণ্য উৎপাদন করতে সক্ষম হবে।’
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে সহায়ক হবে।
উল্লেখ্য, আইপিই বিভাগের শিক্ষার্থীরা ১২ টি গ্রুপে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিটি গ্রুপ ২১, ২৩ ও ২৪ সিরিজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। যেখানে রয়েছে ছয় জন শিক্ষার্থী। তারা বাস্তবসম্মত একটি উৎপাদন লাইনের সমস্যা নির্ধারণ করে তার সমাধান ভিত্তিক প্রোটোটাইপ তৈরি করে উপস্থাপন করেন।
আয়োজনে সময় ব্যবস্থাপনা, উৎপাদন দক্ষতা ও বিশ্লেষণী চিন্তাশক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধাপে মূল্যায়ন করা হয়। শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধিতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
