তথ্যবিবরণী
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় মঙ্গলবার একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এতে বিএসটিআই’র গুণগত মানসনদ না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ‘ড্রিংকিং ওয়াটার (জার)’ এবং নিম্নমানের ‘ব্যাটারী পানি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় হলিদাগাছী এলাকায় অবস্থিত ‘ইমরান পিওর ড্রিংকিং ওয়াটার’ প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন-২০১৮’ মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং গুণগত মানসনদ প্রাপ্তির পূর্বে সকল প্রকার উৎপাদন, বিক্রয় ও বিতরণ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়।
বিএসটিআই সূত্রে বলা হয়েছে, ‘ড্রিংকিং ওয়াটার (খাবার পানি)’ পণ্যটি অধিকতর মানসম্মত পরিবেশে, পর্যাপ্ত যন্ত্রপাতির মাধ্যমে তৈরি করা হয়।
পণ্যটির মান পরীক্ষণের জন্য কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি থাকা আবশ্যক কিন্তু প্রতিষ্ঠানটিতে এর কোনরকম ব্যবস্থাই ছিলো না।
অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিলো খাবার পানি। এছাড়া প্রতিষ্ঠানটিতে ‘ব্যাটারী পানি’ তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিলো না এবং পরিবেশও ছিলো উৎপাদনের অযোগ্য। ফলে উৎপাদিত পানির টিডিএস মাত্রা অত্যন্ত বেশি থাকায় গাড়ি ও আইপিএসসহ যেকোনো ডিভাইসের ব্যাটারীর জন্য তা মারাত্মক ক্ষতিকর। একই সাথে স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড ‘ভলভো’ নকল করে তৈরি করা হচ্ছিলো ব্যাটারী পানি।
রাজশাহীর চারঘাট উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র বিভাগীয় অফিসের সার্টিফিকেশনের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
