ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার বৃহত্তম উপজেলা বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন রিজু তামান্না। গত ১০ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। ইহার আগে রিজু তামান্না পাবনা জেলার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে তিনি উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলেন। বদলিজনিত কারণে বৃহস্পতিবার সাঁথিয়া থেকে বিদায় নেওয়ার সময় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
বাগমারা উপজেলায় যোগদানের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান। ইহা ছাড়া ভবানীগঞ্জ পৌরসভা, উপজেলা ভূমি অফিস এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার পক্ষ থেকেও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীর ১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী, রিজু তামান্নাকে সাঁথিয়া উপজেলা থেকে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে বাগমারার ইউএনও সেলিম আহমেদকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় বদলি করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর রিজু তামান্না বাগমারা উপজেলার সরকারি সেবা আরও জনবান্ধব ও গতিশীল করার পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
