আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অনিক (১৯) নামে একজন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রহনপুর নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার কাশিপুর গ্রামের নাসিম রেজার ছেলে। আহত যুবক একই এলাকার ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। নিহতের আত্মীয় বেলাল উদ্দিন জানান, গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে অনিককে সঙ্গে নিয়ে হৃদয় মোটরসাইকেলযোগে গোমস্তাপুর থেকে রহনপুরে যাচ্ছিলেন। তারা নিমতলায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক হৃদয় (২১) ঘটনাস্থলেই মারা যান ও আরোহী অনিক গুরুতর আহত হন। পরে অনিককে উদ্ধার করে গোমস্তাপুর মহানন্দা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গোমস্তাপুর থানার এসআই জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় সিএনজিচালক পলাতক রয়েছেন। আর সিএনজিটিকে জব্দ করে থানায় আনা হয়েছে।
