আলো ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জেলখানাতেও নির্যাতনের নতুন মাত্রায় যোগ হয়েছে। বিরোধী দলের নেতাদের সেলে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। সেখানে যদি কেউ আমাদের সঙ্গে দেখা করতে আসে তার স্থান হয় কাশিমপুর কারাগার। যেমনি স্থান রয়েছে বিএনপি নেতা সপুসহ অনেক নেতার।
শুধু প্রধানমন্ত্রীকে খুশি করতে এবং প্রমোশনের আশায় অতিলোভী কারা কর্মকর্তারা এগুলো করছেন।’ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী ও মেয়র বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী আহমেদ এসব কথা বলেন।
স্মরণসভার আয়োজন করে অধ্যাপক এমএ মান্নান স্মৃতি পরিষদ। উল্লেখ্য, প্রায় সাড়ে চার মাস কারাবন্দি থাকার পর গত ২৫ এপ্রিল জামিনে মুক্তি পেয়েছেন রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রসঙ্গে রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী ১৫ দিনের সফরের দেশ ছাড়লেন। ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের সঙ্গে দেন-দরবার করতে গেছেন।
আসলে আপনি (প্রধানমন্ত্রী) গ্যারান্টি চান। আপনার পতনের সব লাল বাতি জ্বলে গেছে।’ গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকারের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক সাফিন, একরামুজ্জামান বিপ্লব, শাহ রিয়াজুল হান্নান, এম মঞ্জুরুল করিম রনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা রাশেদুল হক,যুবদল নেতা জাকির হোসেন নান্নু, মাহমুদ হাসান রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ হাওলাদার, গাজী সালাউদ্দিন, ছাত্রদল নেতা রোহানউজ্জামান শুকুর, ওলামা দলের মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
