স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ক্ষিদ্রকাশিপুর এলাকায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত নসিমন গাড়ির মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী হাফিজুর রহমান সোহেল (২৫) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি আড়তে পান বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে উপজেলার ক্ষিদ্রকাশিপুর এলাকায় এ ঘটনায় ঘটে।
রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া গ্রামের বাছের উদ্দিনের ছেলে হাফিজুর রহমান সোহেল। হাফিজুর রাজশাহী সরকারি কলেজের মাষ্টার্স বিভাগের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় নসিমন চালকে রমজান আলীকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। তার বাড়ি রাজশাহীর বেলপুকুর থানার ভূলুয়াপাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১টার দিকে পান বিক্রির জন্য হাফিজুর বাড়ি থেকে পার্শ্ববর্তী আলীপুর বাজারের পান আড়তে যাচ্ছিলেন। পথে বিপরীত দিকে আসা একটি ইঞ্জিনচালিত নসিমন গাড়ির সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই গুরুতর আহত হন হাফিজুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসরা হাফিজুরকে মৃত ঘোষণা করেন।
দৃর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, ওই ঘটনায় নসিমন চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
