স্টাফ রিপোর্টার
রাজশাহী দূর্গাপুর উপজেলার বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে প্রধান শিক্ষকসহ তার লাঠিয়াল বাহিনী দিয়ে ১২ জন সহকারী শিক্ষকদের লাঞ্ছিত করে স্কুল ঘরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে দূর্গাপুর থানায় প্রধান শিক্ষকসহ ৪ জনার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা ১২ টার সময় স্কুল কক্ষে।
থানা ডায়েরী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ শনিবার সকল শিক্ষকগণ নির্দিষ্ট সময়ে স্কুলে যান। স্কুল চলাকালীন সময়ে বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের তার কক্ষে ডেকে গালাগালি করতে থাকেন। এক পর্যায়ে প্রধান শিক্ষক আলাউদ্দিনের লাঠিয়াল বাহিনী তরিকুল, জহুরুল, জহুর আলীসহ আরো অজ্ঞাত অনেককে লাঠিসোঁটা নিয়ে সহকারী শিক্ষকদের উপর মারধর করার জন্য নির্দেশ দিলে তারা সকলে ঝাপিয়ে পড়ে। পরে সহকারী শিক্ষকদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে থানা পুলিশ দিয়ে তাদেরকে উদ্ধার করে। এবিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, উক্ত ঘটনাকে কেন্দ্র করে দূর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। অনুমতি সাপেক্ষে তদন্তপূর্বক সত্যতা পাওয়া গেলে প্রসেকিউশন পাঠানো হবে। এ ব্যাপারে প্রধান শিক্ষককে ফোন দিলে মোবাইল রিসিভ না করে মোবাইলটি বন্ধ করে দেন।
