আলো ডেস্ক: সরকার মেট্রোরেল বানাচ্ছেন অথচ মানুষের পেটে ক্ষুধা এ উন্নয়নের কোনো মানে নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, মন্ত্রী এক কথা, সচিব আরেক কথা বলেন। আওয়ামী লীগের ঘরে শিগগির আগুন লাগবে। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাস, জ্বালানি তেল দাম বাড়ানো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ভাড়া বাড়ানোর প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নাগরিক ঐক্যের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
মাহমুদুর রহমান মান্না বলেন, এ সরকার একটা গণদুশমন সরকার, এদের যেতে হবে। সময় চলে এসেছে। ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সরকার মালিকদের সমর্থন দিয়ে বাসভাড়া বাড়িয়ে দিয়েছে।
মেট্রোরেল বানাচ্ছেন অথচ মানুষের পেটে ক্ষুধা এ উন্নয়নের কোনো মানে নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত বৃহস্পতিবার নির্বাচনে আটজন মানুষ মারা গেছে। ডাকাত সরকার একটা, চোর জুলুমবাজ সরকার। মানুষের কথা নূন্যতম ভাবে না এরা।
বিরোধী কোনো পার্টি নেই। নিজেরা নিজেরাই মারামারি করছে। তাই আওয়ামী লীগের ঘরে শিগগির আগুন লাগবে। সীমান্তে হত্যা বিষয়ে মান্না বলেন, প্রতিদিন সীমান্তে হত্যা হচ্ছে। সেখানে যে বাহিনীগুলো আছে তারা কি করে? ১৩ লাখ রোহিঙ্গা ফেরত দেওয়ার কোনো প্রক্রিয়া নেই।
লন্ডন, প্যারিস, জার্মানি, ইটালি কোথাও গিয়ে রোহিঙ্গা বিষয়ে কথা বলেননি। সব চোর, ডাকাতকে ধরে নিয়ে এমপি, মন্ত্রী বানিয়েছে। এসময় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, ড. জাহিদুর রহমান, মোফাখখারুল ইসলাম নবাব, নাগরিক ছাত্র ঐক্যের সাবেক সভাপতি সাকিব আনোয়ারসহ ঐক্যের ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতারা।
