আলো ডেস্ক: জাতীয় পার্টির নতুন (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর বিরক্ত। আগামী নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। গতকাল সোমবার দুপুরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। চুন্নু বলেন, মানুষ বিশ্বাস করে একমাত্র জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সবসময় জাতীয় পার্টিকে শক্তিশালী করার স্বপ্ন দেখতেন। ৩০০ আসনে মনোনয়ন দিয়ে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়েছেন। আমরা জাতীয় পার্টিকে শক্তিশালী করে ৩০০ আসনে মনোনয়ন দেওয়ার জন্য কাজ করছি। এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান, পীর ফজলুর রহমান মিজবাহ এমপি, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, কেন্দ্রীয় সদস্য মো. জিয়াউর রহমান বিপুল, যুব সংহতির সদস্য এমকে সোহেল, নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
