স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে এবং খাদ্যোপযোগী নয় এমন (নন-ফুডগ্রেড) উপাদান ব্যবহার করে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ‘কেক ব্রাইট’ নামে একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়াই কেক উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
বিএসটিআই জানায়, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এবং ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
